শীর্ষ নিউজসংগঠন সংবাদ

পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়ার দাবি জেদ্দা প্রবাসী সচেতন নাগরিকদের

জেদ্দা, সৌদি আরব: জেদ্দার স্থানীয় হোটেল আল আয়াতে ৩১ আগস্ট, সোমবার বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি সংস্থার কাছে হস্তান্তরের সম্ভাবনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি সচেতন নাগরিকদের আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইনভেন্টর মোহাম্মদ কামাল, শুভেচ্ছা ব্যান্ডের কর্ণধার আজিজুল হক মিলন, বিশিষ্ট ব্যবসায়ী সুমন, কামাল ও রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার বিষয়ে বিভিন্ন আলোচনা ও তথ্য প্রচার হচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং ডিজিটাল সার্বভৌমত্বের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা বলেন, সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ ও দ্রুত করার লক্ষ্যে বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাস ও সেবা কেন্দ্রগুলোতে ই-পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রম চালু রয়েছে। এসব সেবা আরও কার্যকর ও সহজলভ্য করার মাধ্যমে প্রবাসীদের ভোগান্তি কমানোর দাবি জানান তারা।

তারা আরও বলেন, বর্তমান বিশ্বে তথ্য বা ডেটা একটি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। নাগরিকদের ব্যক্তিগত তথ্য কোনো বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে গেলে তা জাতীয় নিরাপত্তা ও তথ্য সুরক্ষার ক্ষেত্রে উদ্বেগের কারণ হতে পারে।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি জানান, পাসপোর্ট সেবা পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে দেশীয় প্রতিষ্ঠান ও দক্ষ জনবলকে অগ্রাধিকার দেওয়া হোক। এতে দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, নাগরিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে এবং প্রবাসীদের আস্থা আরও বাড়বে।

বক্তারা দেশের ভাবমূর্তি, নাগরিকদের তথ্য নিরাপত্তা এবং প্রবাসীদের স্বার্থ বিবেচনা করে পাসপোর্ট সেবা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button