লাইফস্টাইলশীর্ষ নিউজ

১৫ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি ইউনিটে ২২০ পদ সৃজন

সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): দেশের ১৫টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার নেফ্রোলজি ইউনিট ও ডায়ালাইসিস সেন্টারের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে ২২০টি পদ সৃজন করেছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে এসব পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজন করা হয়েছে। সৃজিত পদের মধ্যে রয়েছে সিনিয়র স্টাফ নার্স এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস)।

সিনিয়র স্টাফ নার্স পদ গ্রেড-১০-এ ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতনক্রমে নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকায় সিনিয়র স্টাফ নার্স ২টি এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) ২টি পদ সৃজন করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও একই সংখ্যক পদ রয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জে সিনিয়র স্টাফ নার্স ১২টি এবং মেডিকেল টেকনিশিয়ান ২টি, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যথাক্রমে ১২টি ও ৬টি, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি পদ সৃজন করা হয়েছে।

এ ছাড়া শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে সিনিয়র স্টাফ নার্স ১২টি ও মেডিকেল টেকনিশিয়ান ৬টি, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি এবং সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৩টি পদ রয়েছে।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার জন্যও সিনিয়র স্টাফ নার্স ও মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ সৃজন করা হয়েছে।

সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের যোগ্যতা সেবা পরিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬-এর সংশ্লিষ্ট তফসিল অনুযায়ী নির্ধারিত হবে।

আর মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি (বিজ্ঞান) পাস হতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো হাসপাতালে প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদগুলো সৃজনের সরকারি আদেশ অর্থ বিভাগ কর্তৃক পৃষ্ঠাঙ্কন করার তারিখ থেকে সৃজিত বলে গণ্য হবে।

পদ সৃজনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট হাসপাতালের সাংগঠনিক কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন করাতে হবে।

এ ছাড়া যেসব পদের নিয়োগবিধি নেই, সেসব পদের জন্য নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। বিদ্যমান টি.ও.অ্যান্ড.ইতে নতুন সৃজিত পদ অন্তর্ভুক্ত করে পদগুলো অস্থায়ী হিসেবে চিহ্নিত করতে হবে এবং হালনাগাদকৃত টি.ও.অ্যান্ড.ই-এর একটি কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যাবতীয় বাজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে মেটানো হবে। পদ সৃজনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সব শর্ত প্রযোজ্য হবে।

এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button