ভাতার টাকা ফেরত, হিসাব সংশোধনে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর

নভেম্বর, ২০২৬ (বাসস) : বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা ফেরত আসা উপকারভোগীদের হিসাব সংশোধনের জন্য ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপকারভোগীদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবের তথ্য হালনাগাদ ও অনুমোদন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৫ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন।
নির্দেশনায় বলা হয়, সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি পাঠানো হচ্ছে।
তবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কিস্তিতে অনেক উপকারভোগীর হিসাব নম্বর ভুল অথবা নিষ্ক্রিয় থাকায় তাদের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ফেরত এসেছে।
এ ধরনের উপকারভোগীদের হিসাবের তথ্য সংশোধন করে পুনরায় টাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হিসাবের তথ্য হালনাগাদ করে সম্পূরক পেরোল পাঠানো হবে।
কিন্তু অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয় থেকে এখন পর্যন্ত ২৫ শতাংশের বেশি ফেরত আসা হিসাবের তথ্য হালনাগাদ করা হয়নি।
এ অবস্থায় ১৯ নভেম্বরের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের অবশিষ্ট ফেরত আসা হিসাবগুলো এমআইএসে হালনাগাদ ও অনুমোদন সম্পন্ন করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব থাকলে সেটি তার নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত সিমের বিপরীতে খোলা কি না, তা যাচাই করতে হবে।
নিজের এনআইডিতে নিবন্ধিত সিমে হিসাব খোলা না থাকলে যথাসম্ভব ওই সিম ব্যবহার করে নতুন হিসাব খুলে এমআইএসে তথ্য হালনাগাদ করতে হবে।
অন্যদিকে, ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণকারীদের হিসাব নম্বর সঠিক ও সক্রিয় কি না, তা যাচাই করতে হবে। হালনাগাদ করা প্রতিটি হিসাব সক্রিয় রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিতে হিসাবের ভুল বা নিষ্ক্রিয়তার কারণে যেসব উপকারভোগী টাকা পাননি, তাদের তালিকাও দ্রুত আইবাস++ এর মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের এমআইএসে পাঠানো হবে।
তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট উপকারভোগীদের সঙ্গে যোগাযোগ করে হিসাব সংশোধন ও হালনাগাদ করতে হবে।
একই সঙ্গে দ্বিতীয় কিস্তির ভাতার টাকা সংশোধিত ও সক্রিয় হিসাবে পাঠানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে সমাজসেবা অধিদপ্তর।




