তেজগাঁওয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার ৭

জুলাই ২০২৬ (বাসস): রাজধানীর তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাতেনাতে সাতজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গতকাল (মঙ্গলবার) রাতে তেজগাঁও থানার কারওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ (বুধবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো: মো. বাবু (২৪), মো. সবুজ (২৯), মো. শামীম ওরফে সাগর (২৫), মো. রাজন মিয়া (৩০), মো. ইসলাম (২৩), মো. রাসেল মিয়া (২৯) ও মো. ইমন হোসেন (১৯)।
এতে জানানো হয়, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কারওরান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত তিনটি ধারালো চাকু ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




