আঞ্চলিকশীর্ষ নিউজ
কর্ণফুলী হতে ৫৭৪ গ্যাস বোতল উধাও, কক্সবাজারে আসামি—উখিয়ায় মিলল ট্রাক

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলীতে ৫৭৪টি গ্যাসের বোতল ও একটি ট্রাক আত্মসাতের মামলায় কক্সবাজার থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
এ সময় আত্মসাৎকৃত পণ্য বিক্রির নগদ ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি ট্রাক।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ারউদ্দিন। এর আগে কর্ণফুলী ও আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে আত্মসাৎকৃত ৯৬টি গ্যাসের বোতল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কক্সবাজারের কলাতলী এলাকার হেলাল রিসোর্ট আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার লালমাই এলাকার মো. আল আমিন (২৫) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মো. মাহিন খান (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির হেফাজত থেকে আত্মসাৎকৃত গ্যাসের বোতল বিক্রির ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের দেখানো ও দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থানাধীন মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ঢাকা মেট্রো-ট-১৫-৪২০২ নম্বরের একটি ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়। ট্রাকটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে কর্ণফুলী থানাধীন বড়উঠান রাস্তার মাথার পূর্ব পাশে মেডিকেল রোড এলাকার মেসার্স আজিজ ট্রেডিং থেকে চালক মো. আল আমিন, নুরুল আলমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন বাদী মো. সোহেলের ৫৭৪টি গ্যাসের বোতল ও একটি ট্রাক অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করেন। এরপর তারা যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় মো. সোহেল বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। পরে ১৭ আগস্ট কর্ণফুলী থানার মামলা নম্বর-২৫ হিসেবে দণ্ডবিধির ৪০৭/৪২০/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।
মামলার তদন্তে পুলিশ কর্ণফুলী ও আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে আত্মসাৎকৃত ৯৬টি গ্যাসের বোতল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বাদী মো. সোহেল বলেন, “পুলিশ আন্তরিকভাবে কাজ করেছে বলেই দ্রুত সময়ের মধ্যে আত্মসাৎকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জাকির হোসেন বলেন, “কক্সবাজার থেকে নগদ টাকাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়া থেকে ট্রাক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আনোয়ারা ও কর্ণফুলী এলাকা থেকে আত্মসাৎকৃত গ্যাসের বোতল উদ্ধার করা হয়েছে।”




