রাজশাহী পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০২ জন

সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আজ ২০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ২০২ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করে।
মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে জানানো হয়।
পুলিশ জানায়, এরমধ্যে পরোয়ানাভূক্ত ৯৬জন, সাজাপ্রাপ্ত ২০জন, তদন্তাধীন মামলায় ৭৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে।
এসময় মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। অপরাধগুলোর মধ্যে রয়েছে ১টি খুন, ১টি দস্যুতা, ২টি চুরি এবং অন্যান্য খাতে ৫১টি মামলা। তবে গত ২৪ ঘণ্টায় খুনসহ ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতনের কোনো মামলা রেকর্ড হয়নি। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে ৬ গ্রাম হেরোইন, ৪৬১ বোতল ফেন্সিডিল সিরাপ, ২৮ বোতল ইস্কাপ সিরাপ, ৫৮৭৯ পিস ইয়াবা, ২৯ পিস ট্যাপেন্টাডল, ১৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ৬০লিটার ওয়াস উদ্ধার করা হয়।
পুলিশি সেবার অংশ হিসেবে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১শ’ ৫০ জন এবং চলতি মাসে এ পর্যন্ত মোট ১৯ হাজার ৮০২ জন নাগরিককে সেবা প্রদান করা হয়েছে।




