বিশেষ খবররাজনীতি

তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে টাস্কফোর্স গঠনের আহ্বান বিরোধীদলীয় নেতার

 

নভেম্বর, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে ব্যর্থ হলে দেশে বড় ধরনের সংকট তৈরি হবে। এ খাতে শান্তি ফিরিয়ে আনতে এবং নেপথ্যে থেকে যারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের খুঁজে বের করতে তিনি একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান।

আজ জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। ডেপুটি স্পিকারের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, তৈরি পোশাক খাতের অস্থিরতার পাশাপাশি গোপালগঞ্জের নিরপরাধ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি স্বার্থান্বেষী মহল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় নৈরাজ্য সৃষ্টি করছে বলেও তিনি উল্লেখ করেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করার বৈধতা হারিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দলটি আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫-১৬ বছর দেশে অগণতান্ত্রিকভাবে শাসন করেছে, গণহত্যা চালিয়েছে এবং শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দলটির রাজনৈতিক চরিত্রে গণতন্ত্রের কোনো উপাদান নেই। সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, নির্যাতন ও নিপীড়নই তাদের রাজনীতির বৈশিষ্ট্য। এসব কর্মকাণ্ডের কারণে দলটি জনগণের কাছে রাজনৈতিক বৈধতা হারিয়েছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে উসকানি দিচ্ছেন। দেশের বিভিন্ন গ্রামের বাড়িঘরে আগুন দেওয়ার জন্যও তারা সমর্থকদের নির্দেশনা দিচ্ছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, একজন সংসদ সদস্যের বাসভবনে আক্রমণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মালিকানাধীন দোকানে হামলার ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রেরই প্রতিফলন। অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে মারার ঘটনা দলটির দীর্ঘদিনের চর্চা।

তিনি বলেন, সরকার আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় না। গণতান্ত্রিক সরকার হিসেবে শান্তিপূর্ণ জনসমাবেশে গুলি চালানো বা মানুষ হত্যা করা হবে না। নিরপরাধ ব্যক্তিদের নির্বিচারে গ্রেপ্তারেও সরকার বিশ্বাস করে না। তবে আত্মরক্ষার প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনসম্মত ও প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলার পর সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতারা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ায় দলটির নেতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকার বিবেচনা করছে।

বিদেশে অবস্থানকালে বিরোধীদলীয় চিফ হুইপের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসকে যথাযথ আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের অসৌজন্যমূলক আচরণেরও নিন্দা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, দেশের ৪৮ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ ও নীতিমালা গ্রহণ করবে। তিনি তৈরি পোশাক শ্রমিকদের স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার শিকার না হওয়ার আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, তৈরি পোশাক খাতের বর্তমান অস্থিরতা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সৃষ্টি করেছে। আওয়ামী লীগ দেশ ও অর্থনীতির কতটা ক্ষতি করেছে, তা জনগণকে বোঝাতে না পারাকে তিনি সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, শিল্পের স্বার্থ ও শ্রমিকের স্বার্থ পরস্পর সম্পর্কিত। সরকার বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত বলেন, তৈরি পোশাক খাতের অস্থিরতা সদ্য ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তি সৃষ্টি করেছে। তবে বর্তমান সরকারের অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও তীব্র হয়েছে।

পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, তৈরি পোশাক খাতের অস্থিরতার প্রকৃত হোতাদের শনাক্ত করতে হবে। তিনি বলেন, ‘এখন দোষারোপের সময় নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button