শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় ভাসমান ইনটেক স্থাপন চট্টগ্রাম ওয়াসার

নভেম্বর, ২০২৬ (বাসস) : শুষ্ক মৌসুমে চট্টগ্রাম মহানগরীতে পানির সংকট মোকাবিলা করে সুপেয় পানির সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম ওয়াসার প্ল্যান্টগুলোতে ভাসমান ইনটেক স্থাপনের কাজ শুরু করা হয়েছে।
বাংলাদেশে সর্বপ্রথম চট্টগ্রাম ওয়াসা ভাসমান ইনটেক স্থাপনের এই পরিকল্পনা হাতে নেয় এবং বাস্তবায়নে কাজ শুরু করে। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত লবণাক্ততার কারণে পানি উৎপাদন কমে যায়। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সেই সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা এবং কর্ণফুলী নদীর পানিপ্রবাহের ওপর ওয়াসার পানি উৎপাদন অনেকাংশে নির্ভরশীল। এ সময় কর্ণফুলী নদীতে পানির প্রবাহ কমে গেলে রাঙ্গুনিয়ায় অবস্থিত ওয়াসার বৃহৎ পানি শোধনাগার কর্ণফুলী-১ ও ২-এর উৎপাদন হ্রাস পায়। পাশাপাশি নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় সমুদ্রের লবণাক্ত পানি হালদা নদীতে প্রবেশ করে। এতে হালদা নদীর তীরে অবস্থিত মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারের উৎপাদনও কমিয়ে দিতে হয়। একই কারণে বোয়ালখালীতে অবস্থিত ভান্ডালজুড়ি পানি শোধনাগারেও পানি উৎপাদন কমাতে হয়।
ফলে শুষ্ক মৌসুমে চট্টগ্রাম শহরে দৈনিক সুপেয় পানির সরবরাহ ৮ থেকে ১০ কোটি লিটার পর্যন্ত কমে যায়। এতে মহানগরীর বিভিন্ন এলাকায় পানির সংকট ও জনদুর্ভোগ দেখা দেয়। সাধারণত জানুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত এ পরিস্থিতি বেশি প্রকট হয়।
এ সংকট মোকাবিলায় ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা করছে চট্টগ্রাম ওয়াসা। ধাপে ধাপে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংস্থাটির দাবি, বিশ্বের বিভিন্ন দেশে এ প্রযুক্তি ব্যবহৃত হলেও বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম ওয়াসা এটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, মহানগরীতে শুষ্ক মৌসুমে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভাসমান ইনটেক স্থাপনের বিকল্প নেই। এ লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম ওয়াসায় এ প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, ভাসমান ইনটেক এমন একটি পানি উত্তোলন ব্যবস্থা, যা পানির স্তরের ওঠানামার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ওপর-নিচে অবস্থান পরিবর্তন করতে পারে। ফলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে নদীর পানির স্তর কমে বা বেড়ে গেলেও পাম্প পানির মধ্যে কার্যকর অবস্থানে থাকে। এতে পাম্প পানির নিচে ডুবে যাওয়া কিংবা পানি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি কমে। পানির গভীরতা পরিবর্তিত হলেও বারবার পাম্পের অবস্থান পরিবর্তন বা পাইপের দৈর্ঘ্য সমন্বয়ের প্রয়োজন হয় না। ফলে নিরবচ্ছিন্নভাবে পানি উত্তোলন করা সম্ভব।
ভাসমান ইনটেকের আরেকটি সুবিধা তুলে ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, পানির তলদেশে সাধারণত কাদা, বালি ও পলি জমা থাকে। এ প্রযুক্তিতে পানির উপরিভাগের ঠিক নিচ থেকে পানি উত্তোলন করা হয়। ফলে পাম্পে কাদা ও ময়লা প্রবেশের আশঙ্কা কম থাকে। এতে পাম্পের ইমপেলারসহ বিভিন্ন যন্ত্রাংশের ক্ষয় কম হয় এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও হ্রাস পায়।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানির সরবরাহ স্বাভাবিক রাখা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




