খেলা

বোলাররা এলোমেলো বল করেছে : সালাউদ্দিন

 

মে, ২০২৬ (বাসস) : ব্যাটাররা বড় সংগ্রহ এনে দিলেও, বোলাররা পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন এলোমেলো বোলিং করেছে বলে জানান টাইগারদের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন জানান, বোলাররা লাইন ও লেংথে বল করতে পারেনি।

এলোমেলো বোলিং করেছে তারা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪১৩ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাট হাতে নিজেদের ইনিংসে দারুন জবাব দিচ্ছে সফরকারী পাকিস্তান। ১ উইকেটে ১৭৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা। ৯ উইকেট হাতে নিয়ে ২৩৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান।

দ্বিতীয় দিন বাংলাদেশ বোলাররা ভালো বল করতে না পারায় পাকিস্তান স্বস্তিতে দিন শেষ করেছে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ৪’শ রান পার করলেও আরও ৫০ রান করতে পারলে ভালো হতো। বোলিংয়ে আজ আমরা এলোমেলোভাবে বোলিং করেছি। টেস্ট ক্রিকেটে চাপ সৃষ্টি করার জন্য লাইন-লেংথ বজায় রেখে বল করতে হয়। যেহেতু এটি টেস্ট ক্রিকেট, আমাদের বিশ্লেষণের সুযোগ আছে কোথায় বল করলে ব্যাটাররা বেশি চাপে থাকবে।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় বাজে বল করলে ব্যাটিং খুব সহজ হয়ে যায়। আজ আমরা কিছুটা এলোমেলো বল করেছি, যার ফলে রান দ্রুত উঠেছে। আমরা যদি সঠিক চ্যানেলে বল করতাম, তবে হয়তো পাকিস্তান এত সহজে রান করতে পারত না।’

পেসারদের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘এই উইকেটে এখনও বোলারদের অনেক কিছু করার আছে। বিশেষভাবে পেস বোলারদের। আজকে আমরা এক সেশন ভালো বল করি নাই। এটা সবাই বুঝতে পারছে, আমরা ভালো করি নাই। তবে ঘুরে দাঁড়ানো সম্ভব। এটা দ্রুতই করতে হবে। আমাদের পেসাররা সবসময় ম্যাচ জিতিয়েছে, তারা অভিজ্ঞ। আমার মনে হয় তারা ভালো করবে। পেস বোলাররা ভালো করলে দ্রুত পাকিস্তানের উইকেট পড়ার সুযোগ আছে।’

বল হাতে ব্যর্থতার দিন ফিল্ডিংও বাজে করেছে বাংলাদেশ। পাকিস্তানের ব্যাটিং ইনিংসে গুরুত্বপূর্ণ সময় ২টি ক্যাচ ফেলেছে বাংলাদেশের ফিল্ডাররা। ইমাম উল হক ২৩ রানে এবং আব্দুল্লাহ ফজল ২৮ রানে জীবন পান।

পরে ইমাম ৪৫ রানে আউট হলেও ৩৭ রানে অপরাজিত আছেন ফজল। দলের ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করেন সালাউদ্দিন বলেন, ‘আমাদের কিছু ক্ষেত্রে উন্নতি করতে হবে। বিশেষ করে স্লিপ ফিল্ডিংয়ে অনেক উন্নতি করতে হবে। স্লিপ একটি গুরুত্বপূর্ণ জায়গা। কিভাবে উন্নতি করা যায়, সেটি নিয়ে আমরা আলোচনা করব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button