বিশেষ খবররাজনীতি

মাদক, সন্ত্রাস ও দস্যুমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

 

মে, ২০২৬ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত দেশ গড়ে তোলা। পাশাপাশি সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করার বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে অপরাধীর পরিচয় বা দলমত না দেখে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাজ করতে হবে।

আজ রোববার শহরের কালেক্টরেট সম্মেলক কক্ষে বাগেরহাট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরিদ বলেন, দরিদ্র জেলে, মৌয়ালসহ বনজীবীরা জীবিকার কারণে সুন্দরবনে যায়। এসব মানুষকে অপহরণ করে বনদস্যুরা বিকাশের ( মোবাইল ব্যাংকিং) মাধ্যমে মুক্তিপণ আদায় করছে। অতীতের মতো অপহরণ বাণিজ্য চলতে দেওয়া হবে না। সরকার এই অঞ্চলের জেলে ও মৌয়ালদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, লোকালয়ে বসে বনদস্যুদের কারা খাবার সরবরাহ করছে, তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। বিকাশের মাধ্যমে বনজীবীদের মুক্তিপণের পাঠানো ওই টাকা লোকালয় থেকেই উত্তোলন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

এ সময় তিনি দ্রুত জেলে ও বনজীবীদের কাছ থেকে বনদস্যুদের সব মোবাইল নম্বর নিয়ে তাদের গ্রেফতার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলম মো. বাতেনের সভাপতিত্বে সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ শুনুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button