খেলাবিশেষ খবর

প্রথমবারের মত তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্বকাপ

 

মে ২০২৬ (বাসস) : প্রথমবারের মত বিশ্বকাপ ফুটবলের তিনটি আয়োজক দেশে তিনটি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজ তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা প্রত্যেকেই নিজেদের আয়োজনে জমকালো উদযাপনের সুযোগ পাচ্ছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুক্রবার নিশ্চিত করেছে যে, বৈশ্বিক সংগীত তারকা ক্যাটি পেরি, ফিউচার, অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, জে বালভিন এবং লিসা অনুষ্ঠানে অংশ নেবেন।

বিশ্বকাপের উদ্বোধনী উৎসব শুরু হবে মেক্সিকো দিয়ে। ১১ জুন আজটেকা স্টেডিয়ামে (টুর্নামেন্টের জন্য যার নাম রাখা হয়েছে “মেক্সিকো সিটি স্টেডিয়াম”) মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে থাকবেন কলম্বিয়ান সুপারস্টার জে বালভিন, বহু গ্র্যামি জয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেহান্দ্রো ফার্নান্দেজ, যিনি কিংবদন্তি র‌্যাঞ্চেরা সংগীতশিল্পী ভিসেন্তে ফার্নান্দেজের ছেলে।

এছাড়া মেক্সিকোর লাতিন পপ তারকা বেলিন্ডা ও গায়ক-গীতিকার লিলা ডাউনস অংশ নেবেন। দক্ষিণ আফ্রিকার গায়িকা-গীতিকার টাইলা এবং ঐতিহ্যবাহী মেক্সিকান কুম্বিয়া সংগীত পরিবেশনকারী ব্যান্ড লস অ্যাজুলেসও অনুষ্ঠানে থাকছে।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, “সারা বিশ্ব এই মুহূর্ত ভাগ করে নেবে, আর এভাবেই এই টুর্নামেন্টের সূচনা হবে।”

তিনি আরও বলেন, “মেক্সিকো সিটি থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে টরেন্টো ও লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অনুষ্ঠানগুলো সংগীত, সংস্কৃতি ও ফুটবলকে এমনভাবে একত্র করবে যা প্রতিটি দেশের স্বকীয়তাকে তুলে ধরবে এবং একই সঙ্গে এই টুর্নামেন্টের ঐক্যের চেতনাকেও প্রকাশ করবে। এটি সত্যিকারের বৈশ্বিক এক উদযাপনের শক্তিশালী সূচনা।”

১২ জুন টরেন্টোতে কানাডা তাদের উদ্বোধনী ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে। সেখানে পারফর্ম করবেন মরিসেট, বুবলে, আলেসিয়া কারা, এলিয়ান্না, জেসি রেয়েজ এবং নোরা ফাতেহি।

আয়োজকরা প্রতিশ্রুতি দিয়েছেন, এটি হবে “সমগ্র কানাডা জুড়ে এক ভ্রমণ”, যেখানে কাউন্টডাউন চলবে দেশটির উপকূল থেকে উপকূল পর্যন্ত বৈচিত্র্যকে তুলে ধরা নানা মুহূর্তের মাধ্যমে।

একই দিনে পরে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে প্যারাগুয়ের বিপক্ষে। সেখানে পপ সুপারস্টার ক্যাটি পেরির জন্য এটি হবে আরেকটি বড় ক্রীড়া-সংগীত সংযোগের মুহূর্ত- তিনি ২০১৫ সালে সুপার বোলের হাফটাইম শোতেও প্রধান শিল্পী ছিলেন।

তার সঙ্গে থাকবেন র‌্যাপার ফিউচার, কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের লিসা, ব্রাজিলিয়ান সুপারস্টার আনিত্তা, রেমা এবং টাইলা। ফিফা জানিয়েছে, আরও কয়েকজন শিল্পীর নাম পরে ঘোষণা করা হবে।

ইনফান্তিনো বলেন, “লস অ্যাঞ্জেলেসের এই উদ্বোধনী অনুষ্ঠান দেখাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ কতটা বিশাল আয়োজন হতে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “শিল্পীদের তালিকা যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের প্রাণশক্তিকে প্রতিফলিত করে। এটি সংগীত, বিনোদন ও পপ সংস্কৃতিতে দেশটির গভীর প্রভাবকে তুলে ধরবে এবং একই সঙ্গে সংগীত কীভাবে মানুষকে একত্র করতে পারে, তা প্রদর্শন করবে।”

এছাড়া ভেনেজুয়েলার রেগেটন তারকা ড্যানি ওশান এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়ও প্রায় ছয় সপ্তাহব্যাপী ফুটবল উৎসবের উদ্বোধনী আয়োজন মাতাতে অংশ নেবেন।

আয়োজকরা জানিয়েছেন, ভক্তদেরও অনুষ্ঠানে “সক্রিয় ভূমিকা” থাকবে এবং এজন্য সবাইকে আগেভাগে উপস্থিত হতে উৎসাহিত করা হয়েছে।

ফিফার বিবৃতিতে বলা হয়, “সময় অঞ্চল ও সীমান্ত পেরিয়ে এই উদযাপনগুলোকে একত্র করেছে একটি কেন্দ্রীয় ধারণা, একটি অভিন্ন হৃদস্পন্দন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button